bokashoka

ভারোত্তোলন

In অণুগল্প on মে 9, 2008 at 1:36 pm


আহাদ চুরুটে একটা টান দিল। প্রত্যেকবার ভারোত্তোলন করার আগে সে একটা চুরুট ধরায়। অতিরিক্ত টেনশন এবং উত্তেজনাই চুরুট ধরানোর কারণ। মাঝে মধ্যে তার মনে হয়- অলিম্পিকে গেলে সে নির্ঘাৎ দেশের জন্য একটা স্বর্ণ জয় করে নিয়ে আসবে।

পাঁচবছর আগের কথা আহাদের মনে পড়ল। কত স্বপ্ন নিয়ে সে এই লাইনে এসেছিল। কিন্তু ইদানীং এ কাজটার প্রতি তার বিরক্তি ধরে গেছে। তার স্ত্রী বাপের বাড়ি চলে যাবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। স্ত্রীকে অবশ্য সে দোষও দেয় না। বরং বেচারীর জন্য খানিকটা মায়া হয়। প্রত্যেক রাতে বেচারী মন খারাপ করে বলে…
- ঘুমিয়ে যাচ্ছ, না?
আহাদ হাই তুলতে তুলতে পাশ ফেরে…
- কী করব? সারাদিন যে পরিশ্রম গেছে। একটা হাতীকে তুললে শরীরে কোন শক্তি থাকে?… বল?

আহাদ চুরুটে টান দিতে দিতে চিন্তা করল… এই কাজে সে আর বেশিদিন থাকবে না। ব্যবসা- ট্যবসা কিছু একটা করবে।
চুরুটটা প্রায় শেষ হয়ে আসছে। ঠিক তখনই সিদ্দিক সাহেব ডাক দিলেন।
- আহাদ ভাই। আসেন।

আহাদ বিষন্ন মুখে এগিয়ে গেল।
সিদ্দিক সাহেব গম্ভীর মুখে হাসার চেষ্টা করলেন…..
- শুরু করেন।

আলো জ্বলে উঠল।

কমার্শিয়াল বাংলা সিনেমা’র হিট নায়ক আহাদ তার নতুন ছবি’র নায়িকাকে কোলে তুলে নিতে গিয়ে মনে মনে ভাবল…
এই নায়িকা’র ওজন জলহস্তীর চেয়ে কয়েক কেজি বেশি হবে।