bokashoka

জীবনের শেষ নববর্ষে আমি যা যা চাই…

In ব্লগর-ব্লগর on মে 9, 2008 at 1:00 pm


আরেকটা নতুন বছর চলে এল। এবং কিছুদিন পর আরেকটা নতুন বছর চলে যাবে। আমি যেমন আছি তেমনই থেকে যাব। অনেক আশা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে বসে… মন খারাপ করে খেলার মাঝখানে টিভিরুম থেকে উঠে চলে আসব। সুতরাং আগামী এক বছরে অনেক কিছু ভালো ঘটে যাবে তেমন কোন আশা আমি করি না। তাই সব স্বপ্ন জমা করে রাখছি জীবনের শেষ নববর্ষটার জন্য। অবশ্য যদি এটাই আমার জীবনের শেষ নববর্ষ না হয়ে থাকে!
বিশেষ কিছু কারণে এই মুহুর্তে যে তিনটা মাথায় বেশি ঘুরছে সে তিনটা হল…

* আমি রাস্তায় হেঁটে হেঁটে আইসক্রিম খাওয়ার সময়- কোন ছোট্ট ছেলে যার এখন অনেক অনেক আইসক্রীম খাওয়ার বয়স- সে আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকবে না। কিংবা কোন পিচ্চি মেয়ে আমার কাছে এসে বলবে না… একটা টাকা দ্যান স্যার…ভাত খামু।

* আইইউটিতে অনেক পাকিস্তানি ছেলে আছে। আমার খুব কষ্ট হয়- যখন দেখি আমারই কোন বন্ধু পাকিস্তানি কোন ছেলের সাথে উর্দু/হিন্দী ভাষায় ( শুনেছি- উর্দু হিন্দী কথ্য ভাষা নাকি একই) কথা বলছে। হিন্দী ছবি’র বদৌলতে ভাষাটা অনেকেরই খুব ভালোভাবে রপ্ত করা আছে। এসব কথা বললে তারা আমাকে আঁতেল বলে। আমি স্বপ্ন দেখি, একটা মানুষ- যার ভাষা রক্তের বিনিময়ে পাওয়া বাংলা- সে কোন উর্দুভাষীর সাথে উর্দুতে কথা বলবে না।

* জীবনের প্রথম নববর্ষে আমার যখন ঘুম ভাঙল… আমি আমার মায়ের মুখ দেখেছিলাম। মায়া…মমতা…স্নেহ…ভালোবাসা কোন বিশেষণ দিয়েই যে মুখটাকে বিশেষায়িত করা যায় না। জীবনের শেষবার যখন আমার ঘুম ভাঙবে- সেদিনও আমি আমার মায়ের মুখ দেখতে চাই। সত্যি কথা বলব? এই স্বপ্ন পূরণ হলে- পৃথিবীর কাছে আমার আর কিছু চাওয়ার নেই।