bokashoka

ছোট্টদের গল্পঃ টিভি দেখ না।

In গল্প on মে 9, 2008 at 1:43 অপরাহ্ন


এক ঘর পরেই ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কালো রঙের একটা টিভি আছে। উপল ইচ্ছে করলেই সোফার ওপর আধশোয়া হয়ে টিভি দেখতে পারে। হাতে রিমোট নিয়ে ইচ্ছেমত চ্যানেল বদলাতে পারে। দাদু কিচ্ছু বলবে না। কে জানে টিভিতে হয়ত খুব সুন্দর কোন কার্টুন হচ্ছে কিংবা ইএসপিএনে বিগ শো’এর রেসলিং হচ্ছে।

কিন্তু উপল টিভি দেখবে না। একটু আগে দাদু উপলের রুমে এসেছিলেন। চুলে হাত বুলোতে বুলোতে বলেছেন…
- কী দাদাভাই। মুখ অমন করে বসে আছ কেন?
দাদু খুব আদর করে চুলে বিলি কেটে দেন।
উপল ঠোঁট উলটে বলল…
- এমনি!
- চল দাদা-নাতি মিলে টিভি দেখি।
উপলের রাগ হল খুব। সে চেঁচিয়ে বলল…
- তুমি ভালো করেই জান… আমি টিভি দেখব না।

হ্যাঁ। উপল টিভি দেখবে না। আব্বু আম্মু বাসায় নেই- তবুও সে টিভি দেখবে না। উডি উড পেকার কিংবা পপাই দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাবে না।

আম্মু বাসা থেকে বের হওয়ার আগে উপলকে বলেছিলেন…
- উপু সোনা। টিভি একদম দেখবি না। ঠিক আছে? হোমওয়ার্ক কর্‌। টিভি দেখার সময় হলে আমি অথবা তোর আব্বু ফোন করব।
উপলের খুব রাগ হয়েছিল। তোমরা মজা করে বিয়ে খাবা… বাইরে ঘুরোঘুরি করবা… আর আমি বাসায় বসে বসে হোমওয়ার্ক করব। অত সোজা না! কিন্তু উপল আম্মুকে এসব কথা বলে নি। বললে দেখা যাবে আম্মু টিভি আলমারীতে তুলে রেখে গেছেন। উপল তাই বলল…
- আচ্ছা। আমার জন্য আইসক্রীম আনবা।
আম্মু উপলের গাল টিপে দিয়ে বললেন…
- আনব। আমার লক্ষীসোনার জন্য মজার একটা আইসক্রীম আনব। শুধু ঠিকমত হোমওয়ার্ক করে ফ্যাল।
আব্বু হাসতে হাসতে বলেছিলেন…
- আমাদের উপু সোনা খুব ভালো। একবার বললেই হয়।

আব্বু আম্মু বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই উপল ড্রয়িং রুমের সোফায় এসে বসে গেল। কার্টুন নেটওয়ার্কে পপাই হচ্ছিল। প্রথমে দাদু বকা দেওয়ার একটু চেষ্টা করেছিলেন… দাদু পড়তে বস… তোমার আম্মু জানতে পারলে বকা দেবে…
উপল চোখ বড় বড় করে বলল…
- খবরদার। তুমি আব্বু আম্মুকে কিচ্ছু বলবে না।
একটু পরে দেখা গেল উপল আর দাদু মিলে রেসলিং দেখছে আর বিগ শো নাকি রক বেশি শক্তিশালী সেটা নিয়ে ঝগড়া করছে।

একটু পর ফোন বেজে উঠল। দাদু ফোনে কথা বলতে গেলেন। আব্বু আম্মু ফোন করলে কী বলতে হবে সেটা উপল দাদুকে শিখিয়ে দিল। ফোন ধরেই দাদুর মুখ কেমন যেন হয়ে গেল। উপলের কাছে এসে দাদু হাঁপাতে লাগলেন। উপলের খুব ভয় লাগল…
- কী হয়েছে দাদু? অমন করছ কেন?
- দাদাভাই। আমাদের হাসপাতালে যেতে হবে। তোমার আব্বু আম্মু এক্সিডেণ্ট করেছেন।

তিন মাস আগের রাতটার কথা উপলের এখনো মনে আছে। সাদা কাপড়ে ঢেকে ওর আব্বু আম্মুকে অন্ধকার একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দাদু পাগলের মত কাঁদছিলেন…
- আমাকে না নিয়ে আমার ছেলেটাকে নিয়ে নিলে কেন… আল্লাহ!
তার হাতে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন…
- এটা এখানে ফেল… দাদাভাই। মা বাবা’র কবরে ছেলেদের প্রথমে মাটি দিতে হয়।
সেই অন্ধকার ঘরটাতে কালো মাটি ফেলতে ফেলতে উপলের অনেক কান্না পেয়েছিল। দাদুর বুকে মাথা রেখে সে সারা রাত কেঁদেছিল।

গত তিন মাস উপল টিভি দেখেনি।
উপলের কেন যেন মনে হয়… আব্বু আম্মুর কথা না শুনে টিভি দেখেছিল বলেই…তারা আর বাসায় ফিরে আসে নি।

  1. রাতের উদাস ক্ষণ আরও খানিকটা উদাস আর বিষণ্ন হল…
    গল্পটা ভালো লাগলো…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.