আবার আমার ইচ্ছে করে
ছোট্ট হয়ে যেতে-
তোমার মুখে মুখটি ঘষে
ফুলের গন্ধ নিতে।
আবার আমার ইচ্ছে করে
তোমার কোলে শুয়ে-
রিকশায় চড়ে স্কুলে যাই
ঘুম ঘুম দুই চোখে।
মানুষ তোকে হতেই হবে-
আমায় তুমি বলতে।
মানুষ হওয়ার কষ্ট বড়-
পারছিনা যে সইতে।
আবার আমার ইচ্ছে করে
ধূলো মেখে ঘরে-
আদর মাখা বকুনি খাই
তোমার পানে চেয়ে।
আবার আমার ইচ্ছে করে
রাত দুপুরে কাঁদি-
ভেজা ভেজা পৃথিবীটায়
দেখি তোমার হাসি।
সূর্য তোকে ছুঁতেই হবে-
আমায় তুমি বলতে।
আলোয় আমায় চোখ পুড়ে যায়
পারছি না যে সইতে।